ঢাকা, শুক্রবার, ৮ মে, ২০২৬

স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে সৈয়দ আশরাফুল ইসলামের নাম ইতিহাসে লেখা থাকবে :তথ্যমন্ত্রী

ads

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সজ্জন ও স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে সৈয়দ আশরাফুল ইসলামের নাম ইতিহাসে লেখা থাকবে। তিনি তাঁর বাবার মতোই রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।


আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (৩ জানুয়ারি) আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বেলা ১১টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্মরণসভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।তথ্যমন্ত্রী বলেন, ১২ বছর ধরে সরকার উৎখাত করতে গিয়ে বিএনপি আজ নিজেই জনগণের কাছ থেকে উৎখাত হয়ে গেছে। বিএনপি নেতারা দলছুট, রাজনৈতিক কাক। মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করার কারণে বিএনপির উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া।


সভায় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, রাজনৈতিক অবক্ষয়ের বড় সৃষ্টি হচ্ছে বিএনপি। দলটির নেতারা দলছুট। খাবারের উচ্ছিষ্ট ছড়িয়ে দিলে কাক জড়ো হয়। বিএনপি নেতারা হচ্ছে রাজনীতির কাক। তিনি আরও বলেন, ‘বছরের শুরুতে আশা করেছিলাম বিএনপির কথায় পরিবর্তন আসবে। কিন্তু কোনো পরিবর্তন আসেনি। এ বছরে আমার দুটি প্রত্যাশা। এক. দেশ করোনামুক্ত হোক। দুই. বিএনপি ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসুক।’


সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। ঢাকা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস স্মরণসভার সভাপতিত্ব করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকারের পরিচালনায় সভায় বক্তব্য দেন জোটের সহসভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, সহসভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য মানিক লাল ঘোষ প্রমুখ।


আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ২০১৯ সালের ৩ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।


১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে পিতা সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার নির্মম হত্যাকান্ডের পর তিনি যুক্তরাজ্য চলে যান। প্রবাস জীবনে তিনি যুক্তরাজ্যে আওয়ামী লীগকে সংগঠিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আশরাফুল ইসলাম ১৯৯৬ সালে দেশে ফিরে আসেন এবং কিশোরগঞ্জ সদর আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


২০০১ সালের ১ অক্টোবরে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় তিনি নির্বাচিত হন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি এক কন্যার জনক। তার স্ত্রী শিলা ইসলাম ২০১৭ সালের অক্টোবরে মারা যান।


সৈয়দ আশরাফ ১৯৫২ সালের ১ জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ নজরুল ইসলাম ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম সংগঠক ছিলেন। সৈয়দ আশরাফ ছাত্র জীবনে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। স্বাধীনতার পর তিনি ময়মনসিংহ জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।


আশরাফুল ইসলাম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশ নেন। তিনি মুক্তিবাহিনীর একজন সদস্য ছিলেন। ভারতের দেরাদুনে প্রশিক্ষণ নেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page